নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. মাসুদ আলম বলেন, পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। রাষ্ট্রীয় দায়িত্ব ও জননিরাপত্তার প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে যেকোনো স্থানে দায়িত্ব দেওয়া হতে পারে, যা বাহিনীর প্রচলিত নিয়মের অংশ।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা বলেন, নতুন দায়িত্বকে তিনি পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
তিনি এর আগে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ সংবেদনশীল এলাকাগুলোতে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে তিনি বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থল চট্টগ্রামে যোগদান করবেন।
চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়াকে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পদায়ন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।