বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা বারবার প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ফাইনালে স্পেনের কাছে প্রিয় দলের হারেও থামেনি তার আবেগ, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের অনুভূতি।
ফাইনালের পর মজার ছলে পরীমনি লিখেছিলেন, “বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।” সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর ধারাবাহিকতায় বুধবার আবারও নতুন একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।”
পোস্টটির সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেন, যেখানে লেখা ছিল—“পারেদেসের লাল কার্ড ‘বাতিল’ করলো ফিফা।” সেই খবরকে ঘিরেই হাস্যরসাত্মক ভঙ্গিতে এমন মন্তব্য করেন পরীমনি।
বিশ্বকাপের পুরো আসরেই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন তিনি। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও, আবার কখনো লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস—সব মিলিয়ে ভক্তদের নজর কেড়েছেন বারবার।
এর আগে সেমিফাইনালের আগে পরীমনি ঘোষণা দিয়েছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব।” সেই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিরোপা জিততে না পারায় বিয়ের সেই ঘোষণাও রয়ে গেছে শুধুই মজার এক প্রতিশ্রুতি। আর ফাইনাল-পরবর্তী নতুন পোস্টে আবারও ভক্তদের মুখে হাসি ফোটালেন এই জনপ্রিয় অভিনেত্রী।