বোলাররা যে ভীত গড়ে দিয়েছিল প্রথম দিনে, সে ভীতের ওপর দাঁড়িয়ে ব্যাটাররাও দেখাচ্ছেন মুন্সিয়ানা। ডারউইন টেস্টের প্রথম দিনের সেশনটাও তাই কথা বলল বাংলাদেশের হয়ে। অস্ট্রেলিয়াকে চাপে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮১ রান। লিড থেকে মাত্র ১৭ রান দূরে সফরকারী দল। তানজিদ হাসান তামিম ৭৪ ও শান্ত ২৮ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। প্রথম দিনটা স্বপ্নের মতো পার করার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিল বাংলাদেশ।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৫ রান করেছে বাংলাদেশ। বিপরীতে অস্ট্রেলিয়ার প্রাপ্তি মুমিনুল হকের উইকেট। প্রথম দিনে ১ উইকেট হারানো অতিথিদের হয়ে আজ দিনের খেলা শুরু করেন তানজিদ (৩২) ও মুমিনুল (৩৫)। গতকালই জমে যাওয়া এই জুটি আজও অস্ট্রেলিয়ার বোলারদের ভোগাচ্ছিলেন। কিন্তু দারুণ ব্যাট করতে থাকা মুমিনুল ব্যক্তিগত ৪৯ রানে জশ হ্যাজলউডের শিকারে পরিণত হলে এই জুটি ভাঙে। তার আগে দ্বিতীয় উইকেটে বাংলাদেশ পায় ১০২ রান।