বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এ জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রার্থীদের সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ নিয়োগ কার্যক্রমের স্থানীয় ব্যবস্থাপনা করছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নিতে দুবাইয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কমপক্ষে এসএসসি পাস এবং বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ নবায়নযোগ্য দুই বছর এবং নির্বাচিতরা কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডি-সংক্রান্ত খরচ কোম্পানি বহন করবে। পাশাপাশি আবাসনের ব্যবস্থাও থাকবে। তবে নির্ধারিত কিছু খরচ পরবর্তী সময়ে বেতন থেকে কেটে নেওয়া হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে মূল পাসপোর্ট, পাসপোর্টের কপি, ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর কপি, জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সনদের কপি সঙ্গে আনতে হবে।
২৯ ও ৩০ আগস্ট সকালেই নির্ধারিত কেন্দ্রে সাক্ষাৎকার ও বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।