ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করার পর পদ হারিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর।
ফিফা নিশ্চিত করেছে, ১৭ আগস্ট লামুরের সঙ্গে সংস্থাটির কর্মসম্পর্কের অবসান হয়েছে। ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের ই-মেইলে জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দেওয়ার আগে লামুর উয়েফার উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তার বিদায়ের পেছনে আলোচনায় এসেছে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই প্রকল্প। ইনফান্তিনোর পরিকল্পনা অনুযায়ী, ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের কথা ছিল। এমনকি এর ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবও ছিল।
তবে উয়েফা, কনকাকাফ ও এএফসিসহ বিভিন্ন মহল প্রকল্পটির বিরোধিতা করে। তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়।
প্রকল্পটি বাতিলের আগেই প্রকাশ্যে এর সমালোচনা করেছিলেন লামুর। তিনি বলেছিলেন, ফুটবলের নেতৃত্বের দায়িত্ব মানুষকে ঐক্যবদ্ধ করা। নিজের চাকরি হারানোর আশঙ্কার কথাও জানিয়ে তিনি বলেছিলেন, সত্য কথা বলার কারণে চাকরি গেলে সেই সিদ্ধান্তও তিনি মেনে নেবেন।