নিজস্ব প্রতিনিধিঃ
রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এবার ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে প্রদান করা হবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)।
উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতি বছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে বাহিনীর সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান ছাড়াও সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরার সুযোগকে গুরুত্ব দিয়ে দেখছেন পুলিশের নীতিনির্ধারকরা।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পুলিশ সপ্তাহে বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হতে পারে।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—বিদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়নের সুযোগ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন এবং পুলিশের জন্য পৃথক মেডিকেল সার্ভিস চালু করা।
এছাড়া সিলেট ও বরিশাল-এ নতুন দুটি পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপন, জঙ্গল ছলিমপুর-এ বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ এবং এভিয়েশন পুলিশ ইউনিট গঠনের দাবিও আলোচনায় রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের মতে, প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ঝুঁকি এবং বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।