ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। সেপ্টেম্বরে নির্ধারিত তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে এখনো চলছে আলোচনা।
এরই মধ্যে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। বিসিসিআই ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলমান থাকায় সেপ্টেম্বরের সিরিজটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেছে তারা।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরের সূচি নিয়ে অনিশ্চয়তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।
মূলত ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। ঢাকায় ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
তবে নির্ধারিত সময়ের কাছাকাছি ভারতের আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে হওয়ার কথা ভারত-আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
সব মিলিয়ে সেপ্টেম্বরের সিরিজ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জানুয়ারির সম্ভাবনা সামনে এসেছে। শেষ পর্যন্ত ভারত-বাংলাদেশ সিরিজ কবে মাঠে গড়াবে, তা নির্ভর করছে দুই বোর্ড ও ভারত সরকারের আলোচনার ফলাফলের ওপর।