নিজস্ব প্রতিনিধিঃ
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদের বাকি অংশ বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। একই সঙ্গে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (৮ মে) খুলনা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখেই সরকার এগোতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ টেনে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অতীতে কিছু ব্যক্তি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষকে এর নেতিবাচক প্রভাব বহন করতে হয়েছে। তিনি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক-এর নাম উল্লেখ করে বলেন, বিচারব্যবস্থাকে জনগণের আস্থা ও মর্যাদার জায়গায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে বিচারকরা ভয়ভীতি ও প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারবেন। বিচারকদের মর্যাদা, সম্মান ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমেই দেশের মানুষের শান্তি, স্বস্তি ও ন্যায়বিচারের পথ সুগম হবে বলে মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী জানান, বিচারকদের আইন প্রণয়ন, বদলি ও পদায়নের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।