কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হারিসুল বারী রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আল্লামা সৈয়দ ফজলুল করিম (পীর সাহেব চরমোনাই)।
সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুর বখত, নাগেশ্বরী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মওলা রফিকুল ইসলাম, নাগেশ্বরী পৌর শাখার সভাপতি শহিদুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতারা।
বক্তব্যে মুফতি আল্লামা সৈয়দ ফজলুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি, আদর্শ ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেন।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।