ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। সম্মেলন ঘিরে বিদেশি অতিথিদের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা কয়েকটি বস্তি ও নিম্নআয়ের মানুষের বসতি বড় পর্দা ও অস্থায়ী ব্যারিকেড দিয়ে আড়াল করা হয়েছে।
দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকার এমন ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। দলটির এমপি পবন খেরা অভিযোগ করেছেন, দারিদ্র্য দূর করার উদ্যোগের বদলে বিদেশি অতিথিদের কাছ থেকে ভারতের আর্থসামাজিক বাস্তবতা আড়াল করা হচ্ছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং ২০২৩ সালের জি২০ সম্মেলনের সময়ও বস্তি আড়াল করার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল।
কংগ্রেসের দাবি, দিল্লির ঝকঝকে সড়কই পুরো শহরের চিত্র নয়। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, দিল্লির ১০ শতাংশের বেশি মানুষ বস্তিতে বসবাস করেন।
এদিকে ব্রিকসসহ আন্তর্জাতিক জোটগুলোর বৈঠকের গুরুত্ব তুলে ধরেছেন কংগ্রেস এমপি মনীশ তিওয়ারি। তার মতে, বৈশ্বিক অস্থিরতার সময়ে দেশগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা জোরদার করাই কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পথ।