রাজশাহীর পদ্মা নদীর মধ্যচর এলাকায় পানিবন্দী প্রায় ১শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পানির কারণে ঘরবাড়ি ডুবে যাওয়ায় এসব পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এই ত্রাণ বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর পদ্মার মধ্যচর এলাকায় পানিবন্দী মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রায় ১শ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন পানিবন্দী পরিবারগুলোর সদস্যরা।
স্থানীয়রা জানান, পদ্মায় পানি বৃদ্ধির কারণে মধ্যচর এলাকার বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়েছে। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা। অনেকের ঘরবাড়ির আশপাশে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মতিহার থানা এলাকার সাবেক ছাত্রদল আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন সনি এবং রাজশাহী ৬নং হরিয়ান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
এ সময় তারা পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। বন্যা বা পানি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দী মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
উপস্থিত ব্যক্তিরা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পানিবন্দী পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।