নিজস্ব প্রতিনিধিঃ
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার (১০ মে) সকালে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৮টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্যারেড কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধানমন্ত্রী একটি খোলা লাল-সবুজ জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও বিশেষ ইউনিটের অংশগ্রহণে আয়োজিত সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। প্যারেডে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সমন্বয়ে আয়োজিত এ প্যারেড উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড উপস্থাপনায় পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। ফলে এবারের আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকেও বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত আইজিপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, বিশেষ ব্রিফিং, সম্মাননা প্রদান, কল্যাণমূলক সভা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিসহ একাধিক আয়োজন আগামী ১৩ মে পর্যন্ত চলবে।