নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একইসঙ্গে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডস্থ লেডিস ক্লাবে অনুষ্ঠিত ‘নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। সড়ক, নৌ ও রেল—তিন পথেই যাত্রীসেবার মান বাড়ানো, দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের নৌখাতকে আধুনিক ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, মেধা, ধৈর্য ও আন্তরিকতার কোনো বিকল্প নেই। যাত্রীসেবাকে আরও উন্নত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ফিটনেসবিহীন বা অনুমোদনহীন নৌযান যাতে চলাচল করতে না পারে, সে বিষয়ে নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি, নিয়ম মেনে চলাচল এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে নৌনিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌপরিবহন খাতের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।