স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ মঞ্চে আবারও দেখা যেতে পারে নেইমারকে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক ৫৫ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করেছেন। আগামী ১৮ মে চূড়ান্ত দল জমা দেওয়ার পরই নিশ্চিত হবে তার বিশ্বকাপ যাত্রা।
এর আগে আনচেলত্তি স্পষ্ট জানিয়েছিলেন, শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং প্রতিযোগিতামূলক ছন্দে থাকা খেলোয়াড়দেরই তিনি বিবেচনায় নেবেন। সেই সময়ের প্রীতি ম্যাচ দলে ছিলেন না নেইমার, কারণ গুরুতর চোট থেকে সেরে তখনও পুরোপুরি মাঠে ফিরতে পারেননি তিনি।
কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে গেছে। সান্তোসে ফিরে এসে নেইমার আবারও নিজের পুরোনো ছন্দে ফিরছেন। ১২ ম্যাচে করেছেন ৫ গোল এবং ৩টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের অবস্থানও শক্ত হয়েছে, পাশাপাশি কোপা সুদামেরিকানায় দলটি ভালো অগ্রগতি করছে।
এই পুনরুত্থানে নেইমারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো। সেই কারণেই তাকে প্রাথমিক দলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে খুশি ব্রাজিল ড্রেসিংরুমও। দলের একাধিক খেলোয়াড় তার সঙ্গে আবারও মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন। রাফিনিয়া বলেছেন, নেইমারকে পাশে পাওয়া সব সময়ই ইতিবাচক। একই সঙ্গে তিনি চান, নেইমার আবারও জাতীয় দলে নেতৃত্বের ভূমিকায় ফিরুন। এমনকি লিওনেল মেসিও একসময় মন্তব্য করেছিলেন, বড় আন্তর্জাতিক আসরে নেইমারের উপস্থিতি ফুটবলকে আরও উপভোগ্য করে তোলে।
তবে এখনো নিশ্চিত কিছু নয়। নেইমার কেবল প্রাথমিক তালিকাতেই আছেন। চূড়ান্ত দলে জায়গা পেতে হলে তাকে ফিটনেস ও ফর্ম ধরে রাখতে হবে। সেটি হলে এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পান নেইমার। সেই চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখে।
সব মিলিয়ে নেইমারের প্রত্যাবর্তন এখন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। সামনে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ফিটনেস ধরে রেখে বিশ্বকাপের মূল মঞ্চে নিজের জায়গা নিশ্চিত করা।