ডিজেলের পরিবর্তে বিদ্যুৎচালিত ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা চালুর প্রকল্প একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে।
৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে রেললাইনে ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা নির্মাণের পাশাপাশি পাঁচটি করে কোচ নিয়ে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেন সংগ্রহ করা হবে। জয়দেবপুরে নির্মাণ করা হবে আধুনিক ইএমইউ রক্ষণাবেক্ষণ কারখানাও। প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ২০৩১ সালের জুন।
প্রকল্পের ব্যয়ের ৯৪২ কোটি টাকা দেবে সরকার। আর ২ হাজার ৮৮০ কোটি টাকা এডিবি ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রকল্প ঋণ থেকে আসবে।
সংশ্লিষ্টদের মতে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে জ্বালানি ব্যয় প্রায় ৪০ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩৫ থেকে ৪০ শতাংশ কমতে পারে। পাশাপাশি ট্রেনের গতি বাড়বে, কমবে যাত্রার সময়। সড়কের ওপর চাপ কমার পাশাপাশি কার্বন নিঃসরণ ও বায়ুদূষণও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা অবশ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেনলাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।