স্পোর্টস ডেস্কঃ
শেষ মুহূর্তের নাটকীয়তায় গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এগিয়ে গেল আর্সেনাল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের শিরোপা খরা কাটানোর আরও কাছে পৌঁছে গেছে মিকেল আর্তেতার দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। নবম মিনিটেই একের পর এক আক্রমণে চাপে পড়ে প্রতিপক্ষ। রিকার্দো ক্যালাফিওরির শট প্রতিহত করেন ডিফেন্ডার, এরপর কর্নার থেকে লিওঁদ্রো ত্রোসারের হেড গোলরক্ষক ঠেকিয়ে দেন এবং ফিরতি শট পোস্টে লাগে।
প্রথমার্ধে ওয়েস্ট হ্যাম কিছুটা ঘুরে দাঁড়ালেও আর্সেনালের রক্ষণভাগ দৃঢ় ছিল। গোলরক্ষক ডেভিড রায়া গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৩তম মিনিটে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে প্রথম ছোঁয়ায় নিচু শটে বল জালে পাঠান লিওঁদ্রো ত্রোসার। সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
যোগ করা সময়ে ওয়েস্ট হ্যাম একটি গোল করলেও ভিডিও সহায়তা প্রযুক্তির সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায়।
এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এখন পাঁচ পয়েন্ট পিছিয়ে। শিরোপা দৌড়ে তাই বড় সুবিধা নিয়েই এগোচ্ছে লন্ডনের ক্লাবটি।