নিজস্ব প্রতিনিধিঃ
গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং সে লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে দেশ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। বর্তমান সরকার জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীকে এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব এবং সাধারণ মানুষের আস্থার কেন্দ্র। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রতিটি দেশে পুলিশ প্রশাসনকে রাষ্ট্র ও সরকারের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে দেখা হয়। তাই পুলিশের সফলতা রাষ্ট্রের সামগ্রিক সফলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
তিনি আরও বলেন, শক্তিশালী, জবাবদিহিমূলক ও আইনসম্মত রাষ্ট্র গঠনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি নয়, বরং রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সম্পর্ক হতে হবে আইনভিত্তিক ও মানবিক।
নাশকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন অস্থিতিশীলতা সৃষ্টি বা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।