নিজস্ব প্রতিনিধিঃ
প্রতিটি মেয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনের পথে রাষ্ট্র যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং সহায়ক ভূমিকা পালন করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রতিটি মেয়ে নিজের ভবিষ্যৎ নিজস্ব পরিকল্পনা অনুযায়ী গড়তে চায়। এ ক্ষেত্রে রাষ্ট্রব্যবস্থার দায়িত্ব হলো বাধা সৃষ্টি না করে সেই অগ্রযাত্রাকে সহায়তা ও এগিয়ে নেওয়া।
জুবাইদা রহমান আরও বলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক উদ্যোগগুলো যদি সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠন সম্ভব হবে। তিনি সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, পরিবার ও সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বাস্থ্য খাত ও গ্রামীণ উন্নয়নে নারীরা কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে।
কন্যাশিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীর স্বপ্ন বাস্তবায়নের পথে রাষ্ট্রের উচিত সহায়ক পরিবেশ তৈরি করা।
এছাড়া তিনি ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাতকরণে সহায়তা নিশ্চিত করা গেলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং দারিদ্র্য বিমোচন আরও সহজ হবে।