শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলায় ২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ১৫৬ জন সদস্য-সদস্যাকে মোতায়েন করা হয়েছে। ঝালকাঠি জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব পালন করছেন নলছিটি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)ও প্রশিক্ষক অনিক নাগ।
পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করছেন। তাঁরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পূজামণ্ডপে সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি, সতর্ক অবস্থান এবং দর্শনার্থীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে এবং উপজেলা প্রশিক্ষক অনিক নাগের সার্বিক তত্ত্বাবধানে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় নলছিটি উপজেলার ২২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে।১৫ -২২ অক্টোবর -২০২৬ খ্রি: তারিখ পর্যন্ত উপজেলা আনসার ভিডিপি সদস্য গন তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।