বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। বুঝিখাল ম্রো প্রাথমিক বিদ্যালয় ও ছাত্রাবাসের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় ভবনটির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকার প্রতিটি শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ম্রো সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। নতুন এই ভবন ও ছাত্রাবাস চালুর ফলে বুঝিখাল এলাকার ম্রো শিশুরা এখন আরও উন্নত ও সুন্দর পরিবেশে পড়ালেখা করার সুযোগ পাবে, যা স্থানীয় অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার এনেছে।