নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছাত্রজীবন নিয়ে যে আলোচনা ও প্রশ্ন উঠেছে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং নিয়মিত ক্লাসও করেছেন।
বুধবার নিজের ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগে ভর্তি হন। তিনি প্রায় দুই মাস নিয়মিত ক্লাসে অংশ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন।
আসিফ নজরুল লেখেন, “তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টি আমি জানতাম।”
তিনি আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিবেশবিদ ও সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।
তারেক রহমানের পড়াশোনা শেষ না হওয়ার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, সে সময় দেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামল চলছিল। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তার বিশ্ববিদ্যালয়জীবন দীর্ঘস্থায়ী হয়নি বলে তিনি মনে করেন।
তিনি ইঙ্গিত দেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুর পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। সে বাস্তবতায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই সম্ভবত তারেক রহমানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছিল।