নিজস্ব প্রতিনিধিঃ
হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে নিয়মিত তদারকি চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সপ্তাহেই বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা এবং অনিয়ম প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি নজরদারি অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ‘হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে।’
দেশে বর্তমানে হামের তুলনায় নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হামের সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দ্রুত টিকাদান কার্যক্রম পরিচালিত হলেও এর সুফল পেতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরও বলেন, পরিস্থিতির অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে। হাসপাতালগুলোর প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে এবং যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।