নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশন এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এমপি।
সভায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। এ উপলক্ষে দেশের সকল নাগরিককে চাঁদ দেখার তথ্য দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
চাঁদ দেখার তথ্য জানানোর জন্য কয়েকটি নির্ধারিত টেলিফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও তা অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করেই দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করা হয়।