রোববার (মে ১৭) গণমাধ্যমে প্রকাশিত ‘এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি’ শিরোনামের সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে হাসপাতালে গিয়ে হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রীর এই মানবিক খোঁজখবর ও সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন খাদিজার মা সায়মা বেগম।
কয়েক দিন ধরেই সন্তানকে বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছিলেন তার বাবা-মা। এরই মধ্যে যমজ দুই সন্তানের একজনকে মাত্র এক মাস আগে হারিয়েছে পরিবারটি। এখন জীবনের সঙ্গে লড়াই করছে অপর শিশু খাদিজা।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরিবারটি যমজ শিশুর একজন, ফাতেমাকে ইতোমধ্যে হারিয়েছে, অন্য শিশু খাদিজাও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন—এ বিষয়টি তাকে ব্যথিত করেছে। তিনি শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, খাদিজার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে। তার সুচিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।