নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান। এতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের জীবনবৃত্তান্ত পাঠ করেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুম মিজানুর রহমান সিনহা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন এবং পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।