নিজস্ব প্রতিনিধিঃ
দেশের পাঁচ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।