আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলা শুরুর মাত্র এক ঘণ্টা আগে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ছিল এবং যেকোনো মুহূর্তে অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।
তিনি আরও বলেন, ইরানকে আলোচনার টেবিলে আনতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে “আরও বড় ধরনের আঘাত” হানতে পারে।
ট্রাম্পের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে তেহরান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং সমঝোতার জন্য আগ্রহ দেখাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাত এড়ানো ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে বলে জানান তিনি।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।