নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী মোকাররম হত্যাকাণ্ডে মরদেহ ৮ টুকরো করে ফেলার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত তাসলিমা আক্তার ওরফে হাসনা (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) যৌথ অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও মুগদা থানা পুলিশ নরসিংদী থেকে তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন মুগদা থানার ওসি আহসান উল্লাহ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ মে হেলেনা বেগম (৪০) ও তার ১৩ বছর বয়সী মেয়েকে গ্রেপ্তার করে র্যাব-৩। তবে ঘটনার পর থেকেই তাসলিমা পলাতক ছিলেন।
র্যাবের তথ্য অনুযায়ী, সৌদি আরবে থাকা অবস্থায় মোকাররমের সঙ্গে তাসলিমার পরিচয় হয়, যা পরে পরকীয়া সম্পর্কে রূপ নেয়। দেশে ফিরে আসার পর টাকা-পয়সা লেনদেন ও সম্পর্কের টানাপোড়েন থেকে হত্যার পরিকল্পনা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।
১৩ মে সৌদি আরব থেকে দেশে ফিরে মোকাররম সরাসরি মুগদার মান্ডা এলাকায় তাসলিমার সঙ্গে দেখা করতে যান। পরদিন ১৪ মে পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
হত্যার পর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে। ১৭ মে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ৯৯৯-এ কল করে পুলিশকে জানায়, পরে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং তদন্তে হত্যার পরিকল্পিত রূপ উঠে আসে।