নিজস্ব প্রতিনিধিঃ
গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে শিগগিরই একটি পরামর্শক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকারের জন্য চূড়ান্ত ও গ্রহণযোগ্য প্রস্তাবনা তৈরি করা হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘নীতিগত সংস্কার থেকে সংবাদকক্ষের বাস্তবচর্চা: শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন নিয়ে ইতোমধ্যে যেসব আলোচনা, সুপারিশ ও নথিপত্র প্রস্তুত হয়েছে, সেগুলো ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে কার্যকর ও গ্রহণযোগ্য কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, সম্প্রতি সরকার প্রধানের সঙ্গে সংবাদপত্র মালিক সমিতি ও সম্পাদকদের বৈঠকেও গণমাধ্যম কমিশন নিয়ে আলোচনা হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে অংশীজনদের মতামত সমন্বয়ের মাধ্যমে একটি বাস্তবসম্মত কমিশন গঠন করা।
তিনি আরও বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যম কমিশন গঠনকে তিনি সরকারের একক উদ্যোগ নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রয়াস হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী জানান, সরকার এই প্রক্রিয়ায় একদিকে অংশীদার হিসেবে কাজ করবে, অন্যদিকে সমন্বয়কারী ও ব্যবস্থাপকের ভূমিকাও পালন করবে। এ উদ্যোগ সফল করতে দেশীয়-আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, গণমাধ্যম সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, গণমাধ্যম কমিশনের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ আলোচনায় অংশ নেন।