নিজস্ব প্রতিনিধিঃ
পদ্মা ব্যারাজের পাশাপাশি বহু প্রতীক্ষিত তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই ঘোষণার পর উত্তরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার ঢল।
বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের আলোচিত তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে—পদ্মা ব্যারাজ শুধু নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।”
তিনি ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে ভবিষ্যতের বড় ঝুঁকি উল্লেখ করে দেশব্যাপী খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন।
এর আগে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সময় লাগতে পারে—তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের এমন বক্তব্যে জনমনে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর সরাসরি আশ্বাসে সেই অনিশ্চয়তা কেটে গেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ভাবনার ধারাবাহিকতাতেই বর্তমান সরকার দেশের পানি ও কৃষি ব্যবস্থাপনায় বড় উদ্যোগ নিচ্ছে।
নেটিজেনদের মতে, পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কৃষি, পরিবেশ ও সামগ্রিক অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।