শাহরিয়ার কবির, খুলনা।।
খুলনার কয়রায় মেধাবী শিক্ষার্থী ও অসহায় নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি। এ সময় তিনি সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গত ২০ মে বুধবার দুপুর ১২টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৩ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন এবং ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, “নির্বাচনের আগে আমি আপনাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা এখনো ধরে রেখেছি। যতদিন বেঁচে থাকবো, সাধারণ মানুষের পাশে থাকবো।” তিনি বলেন, বিএনপি সবসময় গণমানুষের দল হিসেবে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের এগিয়ে নিতে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মমিনুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাকির হোসেন এবং খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু।
খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, জিএম মাওলা বক্স, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ ও সদস্য মেহেদী হাসান সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।