হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, আমরা নিশ্চিত করব যেন তাদের কোনো পারমাণবিক অস্ত্র না থাকে, নইলে আমাদের খুব কঠোর কিছু করতে হবে। আমি বিশ্বাস করি, যখন আমাদের দেশের জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে, তখন তারা সবাই একমত হবেন যে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না।
ইরান তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে রাখতে পারবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, না, আমরা তা উদ্ধার করব। আমাদের এর প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। পাওয়ার পর সম্ভবত আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের এটা নিজেদের কাছে রাখতে দেব না।
এর আগে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই জানিয়েছেন যে ইরানের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না। তবে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রতিবেদনগুলো ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি এগুলোকে “চুক্তির শত্রুদের অপপ্রচার” হিসেবে অভিহিত করেন।