নিজস্ব প্রতিনিধিঃ
দেশের শিল্পায়ন, গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রতিষ্ঠান গঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ তালিকায় স্থান পেয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা এম এ মান্নান।
বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী বিজনেস আমেরিকা ও এনআরবি ওয়ার্ল্ডের আয়োজনে এবং ফোবানার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় “ট্রিবিউট টু দ্য পাইওনিয়ার্স” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের শিল্প, অর্থনীতি, সমাজ ও গণমাধ্যমে অবদান রাখা ১১ জন প্রয়াত ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের শিল্পায়ন ও গণমাধ্যম বিকাশে বিভিন্ন ব্যক্তির অবদান তুলে ধরেন।
দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক নাজিফা বাহাউদ্দীন বলেন, মাওলানা এম এ মান্নান দেশের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একটি আদর্শিক গণমাধ্যম গঠনে অবদান রেখেছেন।
সমাপনী বক্তব্যে ফোবানা কনভেনশনের চেয়ারম্যান মোয়াজ্জেম এইচ. চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানান।সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, আনিসুল হক, এম. এ. হাসেম, স্যামসন এইচ. চৌধুরীসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাওলানা এম এ মান্নানের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার নাতি ফাহিমা বাহাউদ্দীন। তিনি বলেন, এই স্বীকৃতি তাদের পরিবারের জন্য গর্ব ও সম্মানের।