নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে তীব্র গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় দিন ও রাতে একাধিকবার বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী কার্যত বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও গ্রামীণ এলাকায় দিনে-রাতে গড়ে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক সময় রাতের বেলাতেও বারবার লোডশেডিং হওয়ায় প্রচণ্ড গরমে ঘুমাতে পারছেন না বাসিন্দারা।
শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানা গেছে।কৃষি ও ব্যবসা খাতেও এর প্রভাব পড়েছে। বোরো ধান ঘরে তোলা থেকে শুরু করে ধান ঝাড়া ও সংরক্ষণের কাজ বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে। অন্যদিকে ঈদ মৌসুম সামনে রেখে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
কলারোয়া বাজারের ব্যবসায়ীরা জানান, এ সময়ে বেচাকেনা ভালো হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা স্থবির হয়ে পড়েছে। রাইস মিল মালিকরাও বলছেন, বিদ্যুৎ না থাকায় ধান প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছে। পরীক্ষার্থীরা জানান, প্রচণ্ড গরম ও অনিয়মিত বিদ্যুৎ থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আইসক্রিম ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও লোডশেডিংয়ের কারণে ক্ষতির কথা জানিয়েছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় চাহিদা প্রায় ১৬ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ১০ থেকে ১২ মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।
কলারোয়া জোনাল অফিসের এজিএম মো. আমিনুর মৃধা বলেন, গরমে চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।