নিজস্ব প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৩ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সময়ে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।