নিজস্ব প্রতিনিধিঃ
ঈদুল আজহার আগে ও পরে মোট সাত দিন ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। শুধুমাত্র পচনশীল পণ্যবাহী ট্রাক এ সময় ফেরি পারাপারের অনুমতি পাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত পচনশীল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার করা যাবে না।
এছাড়া ২৪ মে ২০২৬ থেকে বিভিন্ন নৌরুটে লঞ্চ চলাচল শুরু হবে। এর মধ্যে রয়েছে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও নৌরুটসহ ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বরিশাল, মুলাদি, গলাচিপা ও ইলিশাসহ একাধিক রুট।
ঈদযাত্রাকে নিরাপদ রাখতে ঈদের পূর্ববর্তী পাঁচ দিন সদরঘাট থেকে যাত্রীবাহী নৌযানে কোনো ধরনের মালামাল পরিবহন নিষিদ্ধ থাকবে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচ দিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
পাশাপাশি ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক জরুরি হটলাইনও চালু রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশ ০১৭৬৯-৭০২২১৫।
নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রীদের নৌপথে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করে নিরাপদভাবে ফেরি ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে।