নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে পর্যন্ত।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং ঘরমুখো মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ ছুটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে ছয় দিনের ছুটি থাকলেও পরে তা একদিন বাড়িয়ে মোট সাত দিন করা হয়।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে মূলত ২৮ মে ঈদের দিনকে কেন্দ্র করে ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর সঙ্গে অতিরিক্তভাবে ২৫ মে যুক্ত হওয়ায় পুরো ছুটি দাঁড়িয়েছে টানা সাত দিনে।
এর আগে ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রার চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে এ ছুটির আওতায় আনা হয়।
তবে জরুরি সেবা এ ছুটির বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা ও হাসপাতালসহ বিভিন্ন জরুরি খাত স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে। একইভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্তরা দায়িত্ব পালন করবেন।
সরকার আশা করছে, এই দীর্ঘ ছুটিতে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় ফিরবেন। ইতোমধ্যে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির এই উৎসবকে ঘিরে দেশজুড়ে এখন ঈদের আমেজ বিরাজ করছে।