টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের ঢল ও যানবাহনের চাপ অব্যাহত থাকায় যমুনা সেতুতে (ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক) টানা চাপ তৈরি হয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এবং রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৫৮০টি যানবাহন সেতু পারাপার হয়। এ সময়ে মোট টোল আদায় হয় ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ পরবর্তী সময়েও মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে মোট ১৮টি বুথে টোল আদায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথও রাখা হয়েছে।
তিনি আরও জানান, যানবাহনের চাপ থাকলেও সেতুতে স্বাভাবিক পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।