নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ৭৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ বিমানের ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩১টি এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে হাজিরা দেশে প্রত্যাবর্তন করেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।
চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে মোট ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাঁদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো মক্কা, মদিনা ও জেদ্দায় ঘটে—মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন।
এছাড়া হজ চলাকালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৩৬০ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলোতে মোট ৫৭ হাজার ২০২ জন হাজিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক থেকে ২৬ হাজার ৩৫ জন হাজি সেবা নিয়েছেন।
চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।