মণিরামপুর প্রতিনিধি-নয়ন রায়।
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোরের মণিরামপুরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মণিরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন এবং জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশের কোনো স্থানে যাতে তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কারণ এ ধরনের জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা বংশবিস্তার করে থাকে। তারা আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, সিনিয়র কনসালট্যান্ট ডা. ইদ্রিস আলী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম কুমার ঘোষসহ মণিরামপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।