নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর ভয়াবহ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব নদী রক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, “এত প্রকল্প হয়, কিন্তু বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার জন্য আলাদা কোনো প্রকল্প চোখে পড়ে না।”
শনিবার দুপুরে রাজধানীর পল্টনের একটি রেস্টুরেন্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন ও ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় তিনি কলেজ জীবনে বুড়িগঙ্গায় নৌকাভ্রমণ করতেন, কিন্তু এখন সেই নদীর কাছে যেতেও কষ্ট হয়। দুর্গন্ধ ও দূষণে নদীগুলো প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ঢাকার বাতাসও মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে, যা মানুষের স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। “ঘর থেকে বের হলেই দূষিত বাতাসে শ্বাস নিতে হচ্ছে, যেন অক্সিজেনও দূষিত,”—এভাবেই পরিস্থিতির বর্ণনা দেন তিনি।
নগর ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, পরিকল্পনা ও দায়িত্বশীলতার অভাবে নগর জীবনের মান ক্রমেই নিচে নামছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যখাত ও পরিবেশ বিশেষজ্ঞসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।