নিজস্ব প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। গতকাল বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এটি বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট।
অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন ঘোষণা করেন। একইসঙ্গে সম্প্রতি প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পল্লবীর আলোচিত শিশু রামিসাসহ কয়েকজন শিশুর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন বাজেটের ওপর আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সংসদীয় নেতারা অংশ নেন।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশন চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। প্রয়োজন অনুযায়ী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন দুই দফায় বৈঠকও অনুষ্ঠিত হতে পারে। অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং বিভিন্ন মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী ৯৮টি মনোযোগ আকর্ষণ নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৯৩টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।
বাজেটকে কেন্দ্র করে দীর্ঘ এই অধিবেশনে সরকার ও বিরোধী দলের মধ্যে অর্থনীতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন ইস্যুতে ব্যাপক আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।