আন্তর্জাতিক ডেস্কঃ
তামিলনাড়ুর নতুন সরকার ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশ থেকে রাষ্ট্র পরিচালিত ৭১৭টি মদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
মুখ্যমন্ত্রী ও থালাপতি জোসেফ বিজয়-এর নেতৃত্বাধীন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর এটিকে প্রথম বড় নীতিগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি)। এর মধ্যে ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ২৭৬টি উপাসনালয়, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫৫টি বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানসহ মোট ৭১৭টি দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ বা স্থানান্তর করা হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ, সামাজিক পরিবেশ এবং দীর্ঘদিনের নাগরিক দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজ্যের রাজস্ব আয়ের একটি বড় অংশ মদ বিক্রির মাধ্যমে আসায় এই সিদ্ধান্তে আর্থিক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৫ সালে টিএএসএমএসি-এর মোট রাজস্ব আয় ৪৮ হাজার কোটি রুপি ছাড়িয়েছে বলে সরকারি তথ্যে উল্লেখ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজ্যের সামাজিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে, যদিও অর্থনৈতিক চাপ নিয়ে নানা আলোচনা চলছে।