নিজস্ব প্রতিনিধিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয় ২৭তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন কারণে নিয়োগ থেকে বঞ্চিত আরও ৯৬ জন প্রার্থীকে সরকারি চাকরিতে নিয়োগ দিয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে পদায়ন করা হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৪৮ জন, পুলিশ ক্যাডারে ১৩ জন, স্বাস্থ্য ক্যাডারে ৪ জন এবং গণপূর্ত ও টেলিযোগাযোগ ক্যাডারে ৩ জন করে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র, আনসার ও সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ২ জন করে এবং পরিবার পরিকল্পনা, তথ্য, নিরীক্ষা ও হিসাব, রেলওয়ে পরিবহন ও বাণিজ্য, কৃষি, সাধারণ শিক্ষা, পরিসংখ্যান, শুল্ক ও আবগারি এবং খাদ্য ক্যাডারে একজন করে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রশাসনিক জটিলতা, মামলা-মোকদ্দমা ও বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণে এসব প্রার্থী দীর্ঘদিন নিয়োগবঞ্চিত ছিলেন। পরে আইনি প্রক্রিয়া ও সরকারি পর্যালোচনার মাধ্যমে তাদের নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এ নিয়োগ কার্যকর করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৭তম বিসিএস নিয়ে দীর্ঘ আইনি জটিলতার পর উচ্চ আদালতের বিভিন্ন পর্যায়ের রায় ও নির্দেশনার ধারাবাহিকতায় পূর্বে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।