• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্পে কিশোর নিহত, আহত ১১

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে জেলাম জেলায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর ও ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার। সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জেলাম শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার নিচে।

ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়ে পাঞ্জাবের পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জেলামের জালালপুর শরিফ এলাকায় একটি বসতবাড়ির অংশবিশেষ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কম্পনের তীব্রতায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। ইসলামাবাদ ছাড়াও লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা ও মান্দি বাহাউদ্দিনসহ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
জেলামের ডেপুটি কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: ডন, জিও নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা