• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে মুসল্লিরা ঈদের নামাজ আদায়, কুরবানি এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগের দিন মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখো হাজি। প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত, তওবা ও দোয়ায় মশগুল হন। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত এলাকা।

এসময় নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা। পরে হাজিরা কুরবানি ও হজের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবেন।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদকে কেন্দ্র করে বিরাজ করছে উৎসবের আমেজ। হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন হজ পালনে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা