পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমি সকলের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
তিনি আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব এবং এর মূল শিক্ষা ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, ঈদুল আজহা সকলের জীবনকে আনন্দময় করে তুলুক।
মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। সুতরাং ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। আসুন, আমরা অঙ্গীকার করি-কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার এই আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, ঈদুল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়। সূত্র: বাসস