যশোর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল হোসেন ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার নাতনীকে একদল বখাটে যুবক উত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমামুল হোসেন।
রোববার রাতে স্মরণপুর গ্রামের মতিনের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।