মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বাপের বাড়ি চলে যাওয়ার চার দিন পর ঘরে ফিরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় মৃত দেখতে পান এক নারী।
গতকাল সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি মারৈল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত ইলিয়াস মাঝি (৩৮) ওই গ্রামের দুলাল মাঝির ছেলে। তিনি পেশায় প্রবাসী ছিলেন এবং দুই মেয়ে ও এক ছেলের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে ইলিয়াস মাঝির সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের পারিবারিক কলহ হয়। একপর্যায়ে অভিমান করে ডলি বেগম পাশের বাবার বাড়িতে চলে যান। এ সময় ইলিয়াস মাঝি নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর টানা চার দিন তাকে বাইরে দেখা যায়নি এবং ঘরও খোলা হয়নি।
সোমবার বিকেলে আশপাশের লোকজন ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করলে বিষয়টি জানাজানি হয়। পরে ডলি বেগম ঘরে প্রবেশ করে দ্বিতীয় তলার সিঁড়ির সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ দেখতে পান। মরদেহটি তখন পচে বিকৃত হয়ে গিয়েছিল।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, “মরদেহটি পচে গিয়েছিল, কতদিন আগে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”