একসময় শুটিং শুরু হলেও নানা কারণে থমকে গিয়েছিল কাজ। এরপর বছরের পর বছর কেটে গেলেও মুক্তির দেখা মেলেনি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী জাহারা মিতু অভিনীত চলচ্চিত্র ‘আগুন’।
প্রায় সাত বছর ধরে বিভিন্ন জটিলতায় আটকে থাকা সিনেমাটি এখন মুক্তির প্রস্তুতির শেষ ধাপে রয়েছে। নির্মাতা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পোস্ট-প্রোডাকশনের বাকি কাজ সম্পন্ন হলেই ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

‘আগুন’-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের আগস্টে। বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শুটিং শুরু হলেও মাত্র দুই মাসের মাথায় নির্মাণকাজ থেমে যায়। পরবর্তীতে দীর্ঘ বিরতির পর ২০২২ সালে আবার ক্যামেরা ঘুরতে শুরু করে এবং ছবির বাকি অংশের শুটিং সম্পন্ন হয়।
তবে শুটিং শেষ হলেও মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিংসহ বিভিন্ন কারিগরি প্রক্রিয়া। এসব কারণে ছবিটি দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় ছিল।নির্মাতা বদিউল আলম খোকন জানিয়েছেন, বর্তমানে ছবিটির শেষ পর্যায়ের কারিগরি কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘আগুন’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।
দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও জাহারা মিতু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ এবং রেবেকাসহ আরও অনেকে।
দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে ‘আগুন’ নিয়ে দর্শকদের কৌতূহলও কম নয়। বিশেষ করে শাকিব খানের ভক্তরা অপেক্ষা করছেন বহুদিন ধরে আলোচনায় থাকা এই সিনেমাটি বড় পর্দায় দেখার জন্য। সবকিছু ঠিক থাকলে বহু প্রতীক্ষিত সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই।